প্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের প্রস্তাব সংসদে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:০২
দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা হলে প্রবাসীদের নানা সমস্যা সমাধান সহজ হবে।
১০ জুন সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটি থাকলেও প্রবাসীদের সমস্যা নিয়ে আলাদা টাস্কফোর্স কার্যকর হতে পারে। বিমানবন্দরসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শ্রম ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে বিদেশে কর্মসংস্থানকে “আদম ব্যবসা” হিসেবে কলঙ্কিত করা হয়েছিল। মানব পাচার ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ইতোমধ্যে ১০০ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, পাসপোর্ট সেবা সহজ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান, অনলাইনে আবেদন ও ফি পরিশোধ, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে আবেদন গ্রহণ।
তিনি আরো বলেন, প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সুবিধা চালু করা হয়েছে, যা নিরাপত্তা বাড়িয়েছে। মোবাইল এনরোলমেন্ট কিটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পাসপোর্ট সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট সম্প্রসারণ কার্যক্রমও চলছে।
মালয়েশিয়াসহ কয়েকটি দেশে প্রবাসীরা পাসপোর্ট পেতে সমস্যায় পড়ছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন এবং জানান, সরকার দ্রুত সমাধানের চেষ্টা করছে।
আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরকার ও বিরোধী দল যৌথভাবে সমাধান করতে পারবে। তিনি জানান, অবৈধ অভিবাসন রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ‘মাইগ্রেশন উইং’ চালু করা হয়েছে, যা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে বছরে প্রায় ১.৬৮ লাখ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে। তিনি প্রবাসীদের ‘রেমিট্যান্স হিরো’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান এবং তাদের সমস্যা তদারকির জন্য টাস্কফোর্স গঠনের দাবি করেন। একই সঙ্গে তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, দেশের জন্য প্রয়োজন মেধার রেমিট্যান্স।
logo-1-1740906910.png)