বিশ্ব শ্রমবাজারের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। ৯ জুন সংসদ অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপনকালে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নোটিশটি গ্রহণ না করলেও বিষয়টির গুরুত্ব বিবেচনায় তাকে ২ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেন। নিলোফার চৌধুরী বলেন, “কথায় আছে, গতিতে জীবন আর স্থিতিতে মরণ। দক্ষ জনশক্তির গতি একটি দেশকে সামনের দিকে অগ্রসর করে।”
তিনি জানান, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে এই খাত থেকে জিডিপিতে প্রায় ৭ শতাংশ অবদান এসেছে। প্রতি বছর প্রায় ১০ লাখ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের উদ্দেশে দেশ ছাড়েন, কিন্তু তাদের অধিকাংশই অদক্ষ ও স্বল্পশিক্ষিত।
নিলোফার চৌধুরী বলেন, বিশ্বজুড়ে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ছে, ফলে কম দক্ষ শ্রমিকের চাহিদা কমে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, আশির দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বিদেশে কর্মসংস্থানের যাত্রা শুরু হয়েছিল। মধ্যপ্রাচ্যের এক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের বিপুল জনশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হয়।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কর্মক্ষম ও দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই।
তিনি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতি আহ্বান জানান, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। দক্ষ মানবসম্পদই ভবিষ্যতে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে পারে।
logo-1-1740906910.png)