Logo
×

Follow Us

বাংলাদেশ

নিজেই করতে পারেন ভারতের মেডিকেল ভিসার আবেদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০১

নিজেই করতে পারেন ভারতের মেডিকেল ভিসার আবেদন

বিদেশে চিকিৎসার জন্য ভিসা করতে অনেকেই এজেন্সির দ্বারস্থ হন। তবে চাইলে নিজে নিজেই ভিসা করা সম্ভব। এতে কিছুটা ধৈর্য, সময় এবং সঠিক প্রস্তুতি প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, ধাপে ধাপে কাজ করলে কোনো এজেন্সি ছাড়াই ভিসা পাওয়া যায়।

প্রথমেই রোগীর গত দুই-তিন বছরের চিকিৎসার কাগজপত্র, রিপোর্ট ও প্রেসক্রিপশন প্রস্তুত রাখতে হবে। অন্তত ২০-২৫টি সাম্প্রতিক নথি সাজিয়ে রাখা জরুরি। এরপর ভারতের যে হাসপাতালে চিকিৎসা করাতে চান, সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের নাম বের করতে হবে।

রোগী ও অ্যাটেনডেন্টের পাসপোর্টসহ সব রিপোর্ট স্ক্যান করে পিডিএফ আকারে হাসপাতালে পাঠাতে হবে। সঙ্গে ইংরেজিতে বিস্তারিত বার্তা লিখতে হবে- কবে দেখাবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন এবং রোগীর সমস্যার বিবরণ। সাধারণত হাসপাতাল থেকে আমন্ত্রণপত্র বা আয়ুশ লেটার পেতে ১০ দিন সময় লাগে। কখনো দ্রুতও পাওয়া যায়।

আয়ুশ লেটার হাতে পাওয়ার পর আবেদন করতে হবে। সম্ভাব্য তারিখ হিসেবে অন্তত ৩০ দিন পরের সময় উল্লেখ করা ভালো। কারণ স্লট পেতে ১০-১৫ দিন লেগে যেতে পারে। এরপর ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইটে গিয়ে রোগী ও অ্যাটেনডেন্টের নামে আইডি খুলতে হবে। সেখানে প্রয়োজনীয় ফাইল আপলোড করতে হবে।

স্লট খোলার সময় লগইন করতে সমস্যা হতে পারে। অনেক সময় সার্ভার ডাউন দেখায় বা সাইন আউট হয়ে যায়। তাই ধৈর্য ধরে বারবার চেষ্টা করতে হবে। কখনো ২-৩ ঘণ্টা পর্যন্ত চেষ্টা করতে হতে পারে। এভাবে ১০-১৫ দিন চেষ্টা করার মানসিকতা নিয়ে কাজ করলে স্লট পাওয়া সম্ভব।

স্লট পাওয়ার পরদিনই ফাইল জমা দিতে হয়। তাই আগে থেকেই ব্যাংক স্টেটমেন্টসহ সব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। স্লট নেওয়ার সময় থেকেই প্রয়োজনীয় নথি গুছিয়ে রাখলে ঝামেলা কমবে।

Logo