বাংলাদেশি শ্রমিকদের জন্য মরিশাসের শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইডলাইনে ৮ জুন সকালে জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে মরিশাসে বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা, বন্ধ বাজার পুনরায় চালু এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকের শুরুতে বাংলাদেশের শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি মরিশাসে জনশক্তি প্রেরণের লক্ষ্যে দ্রুত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আহ্বান জানান। বাংলাদেশের দক্ষ জনশক্তির সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, টেক্সটাইল শিল্প ছাড়াও ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং অ্যাকাউন্ট্যান্টসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত। বৈঠক শেষে তিনি মরিশাসের শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, তাদের দেশ বিশেষ করে ওয়ান-স্টপ টেক্সটাইল শিল্পের জন্য প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন। তিনি আশ্বস্ত করেন, শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকের খসড়া শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের টেক্সটাইল খাতে মরিশাস সরকারের বিনিয়োগের আগ্রহের কথাও প্রকাশ করেন।
মরিশাসে শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে টেক্সটাইল শিল্পে দক্ষ কর্মীদের চাহিদা থাকায় বাংলাদেশি শ্রমিকরা দ্রুত নিয়োগ পেতে পারেন। পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবীদের জন্যও সম্ভাবনা তৈরি হবে।
জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মন্ত্রীদের সম্মতি বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর। দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষর হলে মরিশাসে নতুন করে শ্রমবাজার খুলবে, যা কর্মসংস্থান ও অর্থনৈতিক সহযোগিতা উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে।
logo-1-1740906910.png)