Logo
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ৬০ তরুণের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:১৭

যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ৬০ তরুণের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ কর্মসূচির মাধ্যমে ৬০ জন বাংলাদেশি তরুণ-তরুণীকে যোগাযোগ, নেতৃত্ব এবং দর-কষাকষি দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গুলশানের একটি হোটেলে আয়োজিত ‘দ্য আর্ট অব দ্য ডিল: আমেরিকান এক্সেলেন্স ইন নেগোসিয়েশন স্কিলস’ শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন অংশগ্রহণকারীদের নতুন প্রজন্মের বাংলাদেশি নেতা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সফল দর-কষাকষি শুধু চুক্তি সম্পাদনের বিষয় নয়, বরং আস্থা তৈরি, সমস্যার সমাধান এবং নতুন সুযোগ সৃষ্টি করার সঙ্গে সম্পর্কিত। বিদেশে পরিচালিত মার্কিন প্রতিষ্ঠানগুলো এমন নেতাদের মূল্য দেয়, যারা আমেরিকানদের যোগাযোগ ও দর-কষাকষির ধরন সম্পর্কে অবগত।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ‘অ্যাকসেস ইংলিশ’ কর্মসূচির ৬০ জন সাবেক শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নেন। মার্কিন ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোয়ান মুনিস্টেরির সহায়তায় আয়োজন করা হয় কর্মসূচিটি।

প্রশিক্ষণের পাঠ্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বই দ্য আর্ট অব দ্য ডিল-এর নীতিমালা ছাড়াও দর-কষাকষি, যোগাযোগ ও নেতৃত্ব উন্নয়নের প্রচলিত মার্কিন পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত করা হয়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, অংশগ্রহণকারীরা বিশ্বের অন্যতম সফল চুক্তি-সম্পাদনকারীর অভিজ্ঞতার ভিত্তিতে দর-কষাকষির ওপর একটি মাস্টারক্লাস গ্রহণ করেছেন।

প্রশিক্ষণে শেখানো কৌশলগুলোর মধ্যে ছিল প্রস্তুতি, স্পষ্ট যোগাযোগ, কৌশলগত চিন্তা, পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব এবং বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, অংশগ্রহণকারীরা অর্জিত দক্ষতাগুলো নিজেদের কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে প্রয়োগ করবেন এবং অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, এ উদ্যোগ বাংলাদেশের তরুণদের নেতৃত্ব, যোগাযোগ ও পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রচেষ্টার অংশ।

Logo