শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:০৪
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ৫ জুন রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে উত্তরা স্টেশন থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রথম দুটি ইউনিট রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুরোপুরি আগুন নেভাতে আরো কিছু সময় লাগে। আগুনের সূত্রপাত হয়েছিল বিমানবন্দরের ৯ নম্বর গেট এলাকায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা বেশি ছিল না বলে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তখন ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় বিমান চলাচল বন্ধ থাকে এবং আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হন।
৫ জুন রাতের আগুনে বিমানবন্দরের কার্যক্রমে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকায় সাময়িক আতঙ্ক দেখা দিয়েছিল। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক।
logo-1-1740906910.png)