হাজিদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী মিল্লাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:১৫
হজ শেষে দেশে ফেরা হাজিদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ৪ জুন সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পোস্ট দিয়ে দাবি করেছিলেন যে বিমানবন্দরে হাজিদের ১৫০টি লাগেজ কেটে মালামাল চুরি হয়েছে। পোস্টটি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী জানান, সিসিটিভি ও বডি-ওর্ন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। ওই ফ্লাইটে আসা ৮৩৬টি লাগেজের মধ্যে মাত্র ২১টি ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী লাগেজে জমজমের পানি বা সঠিকভাবে সিলগালা না করা তরল প্রসাধনী থাকলে তা বাজেয়াপ্ত করতে লাগেজ কেটে বা খুলে দেখা হয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নগদ অর্থ বা মানিব্যাগও বুকিং লাগেজে রাখা নিষিদ্ধ।
প্রতিমন্ত্রী বলেন, “প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। আমরা যাচাই করে সত্যতা তুলে ধরতে চাই, যাতে জনগণ বিভ্রান্ত না হয়।” তিনি আরো জানান, লাগেজ বিমান থেকে নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে। সেখানে দেখা গেছে লাগেজ নামানো হয়েছে এবং ১৩ মিনিটের মধ্যে প্রথম লাগেজ এসেছে। এক ঘণ্টারও কম সময়ে সব লাগেজ বিতরণ সম্পন্ন হয়েছে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা চাই জনগণকে সঠিক তথ্য জানাতে। এ ধরনের অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছে। তদন্ত প্রতিবেদন ও ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। তাই স্পষ্টভাবে বলা যায়, কোনো চুরির ঘটনা ঘটেনি।”
logo-1-1740906910.png)