ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। ৪ জুন রাতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। নিহত বাংলাদেশির নাম মো. নুরুল আমিন (৪৪)। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।
গত বুধবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে আগুন লাগে। ভবনটির নিচতলায় ছিল একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল। আগুনে নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি দুটি পরিবার। তারা হোটেলে অবস্থান করছিল এবং চিকিৎসার জন্য দিল্লিতে গিয়েছিল। আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইকমিশন ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে থাকা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
logo-1-1740906910.png)