Logo
×

Follow Us

বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলা দেখাবে জি, বাংলাদেশে কাটেনি অনিশ্চয়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:১২

ভারতে বিশ্বকাপ খেলা দেখাবে জি, বাংলাদেশে কাটেনি অনিশ্চয়তা

ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটল ভারতে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভারতের জি এন্টারটেইনমেন্টের সঙ্গে সম্প্রচার চুক্তি করেছে। এর ফলে ২০২৬ ও ২০৩০ সালের পুরুষদের বিশ্বকাপ এবং ২০২৭ সালের নারী বিশ্বকাপসহ মোট ৩৯টি ফিফা টুর্নামেন্ট সম্প্রচার করবে জি এন্টারটেইনমেন্ট।

চুক্তির আর্থিক দিক প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, ফিফা প্রথমে প্রায় ১০০ মিলিয়ন ডলার দাবি করলেও পরে তা কমিয়ে ৬০ মিলিয়ন ডলারে নিয়ে আসে। এই চুক্তির মাধ্যমে ভারতের ক্রীড়া সম্প্রচার বাজারে জি এন্টারটেইনমেন্ট নতুন অবস্থান তৈরি করল। বর্তমানে আইপিএলসহ বড় বড় টুর্নামেন্টের সম্প্রচার অধিকার রয়েছে রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগ জিওস্টারের হাতে।

চুক্তির ঘোষণা আসার পর জি এন্টারটেইনমেন্টের শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে এই চুক্তি সম্পন্ন হলো। এবারের বিশ্বকাপ ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে শুরু হচ্ছে।

ভারতীয় দর্শকদের জন্য ম্যাচের সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার সময়ের পার্থক্যের কারণে বেশির ভাগ ম্যাচ রাতের বেলায় অনুষ্ঠিত হবে। ১০৪টি ম্যাচের মধ্যে মাত্র ১৪টি ম্যাচ মধ্যরাতের আগে শুরু হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, যা ভারতে হবে রাত ১২টা ৩০ মিনিটে।

বাংলাদেশেও বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আলোচনা চলছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচারের জন্য ফিফার সঙ্গে আলোচনা করছে। সরকারের উচ্চপর্যায় থেকে বিনামূল্যে সম্প্রচার স্বত্ব পাওয়ার চেষ্টা চলছে।

বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম জানিয়েছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। যদি চুক্তি সম্পন্ন হয়, তবে এবারের বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে। তিন দেশের ১৬টি শহরে রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। বাংলাদেশে সম্প্রচার স্বত্ব আগে সিঙ্গাপুরভিত্তিক স্প্রিংবক পিটিই লিমিটেডের হাতে ছিল। তাদের কাছ থেকে স্থানীয় প্রতিষ্ঠানগুলো সম্প্রচার করার কথা থাকলেও এখন সরকারের আলোচনার ফলে বিটিভি সরাসরি সম্প্রচারের সুযোগ পেতে পারে।

Logo