২০২৮ সালের মধ্যে দেশের শীর্ষ রেমিট্যান্স ব্যাংক হতে চায় ব্র্যাক ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২৩:০৪
টানা পাঁচ বছর ধরে বৈদেশিক রেমিট্যান্স আহরণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের পর ২০২৮ সালের মধ্যে দেশের সবচেয়ে বড় রেমিট্যান্স ব্যাংক হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ব্র্যাক ব্যাংক। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে এ পরিমাণ ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রেমিট্যান্স গ্রাহকদের কাছে দ্রুত, নিরাপদ ও সহজলভ্য সেবার চাহিদা বাড়ায় ব্র্যাক ব্যাংক বৈশ্বিক অংশীদারিত্ব, ডিজিটাল উদ্ভাবন এবং দেশব্যাপী সেবা সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ২০২৬ সালের এপ্রিলে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় অবস্থানে ওঠা প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতিফলন। তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ ও স্বচ্ছভাবে দেশে পাঠানোর সুযোগ নিশ্চিত করতে ব্যাংকটি কাজ করছে।
তিনি আরো বলেন, এটি শুধু প্রবাসী পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদার করছে না, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও আফ্রিকার গুরুত্বপূর্ণ শ্রমবাজারে তাদের এক্সচেঞ্জ হাউস নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে। বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে প্রযুক্তিগত সংযোগের মাধ্যমে দ্রুত রেমিট্যান্স সেবা দিচ্ছে ব্যাংকটি।
দেশে বর্তমানে ব্যাংকটির ৩১০টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। এর ফলে শহর ও গ্রামের গ্রাহকরা সহজেই রেমিট্যান্স তুলতে পারছেন।
প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের জন্য ব্যাংকটি ‘প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট’, ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’, ‘তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ এবং অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) সেবা চালু করেছে।
এছাড়া ই-কেওয়াইসি সুবিধার মাধ্যমে বিদেশে অবস্থান করেই অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে অর্থ স্থানান্তর, বিল পরিশোধ, আমানত ব্যবস্থাপনা, ঋণ সুবিধা ও ডিপিএস পরিচালনাও করা যাচ্ছে।
ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহীন ইকবাল বলেন, বৈশ্বিক নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্রাহকসেবায় ধারাবাহিক বিনিয়োগের ফলেই রেমিট্যান্স খাতে এ অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, ২০২৮ সালের মধ্যে বাজারে শীর্ষ অবস্থানে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে ব্র্যাক ব্যাংক।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল ব্যবহারে উৎসাহিত করতে দেশের বিভিন্ন এলাকায় ‘উঠান বৈঠক’ আয়োজন করছে ব্যাংকটি। এর মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারী পরিবারগুলোর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)