রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি যুবককে ফিরিয়ে আনার উদ্যোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০৯
উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে ১ জুন ২০২৬ তারিখে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রতারণার দায়ে যেসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা হলো আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানো একটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধে জড়িত কোনো ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরো জোরদার করা হবে।
মন্ত্রী জানিয়েছেন, রাশিয়ায় প্রতারণার শিকার হওয়া ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিশ্চিত করতে।
মন্ত্রণালয় বিদেশগমনেচ্ছু নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের আগে অবশ্যই তাদের বৈধতা যাচাই করতে হবে। কাজের শর্তাবলি সঠিকভাবে বুঝে নেওয়া জরুরি। প্রতারণার ফাঁদে পড়ে যেন কেউ জীবন ও অর্থ ঝুঁকিতে না ফেলেন।
logo-1-1740906910.png)