Logo
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:০২

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার রাজধানী ত্রিপোলীর তাজুরা আটক শিবির থেকে আরো ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সোমবার ভোরে বুরাক এয়ারের ইউজেড-০২২২ বিশেষ ফ্লাইটে তাদের নিরাপদে দেশে আনা হয়।

প্রত্যাবাসিতদের মধ্যে ১৪ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আন্তরিক অভ্যর্থনা জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা অধিকাংশ বাংলাদেশি মানব পাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তাদের অনেকেই ভয়াবহ অপহরণ ও অমানবিক নির্যাতনের শিকার হন। ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে এয়ারপোর্ট কন্ট্রাক্ট ও ওমরাহ ভিসার আড়ালে ইউরোপ যাত্রার যে চক্র গড়ে উঠেছে, তা বন্ধ না হলে আরো বহু মানুষ প্রতারিত হবেন।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফেরত আসা অভিবাসীদের অনুরোধ জানানো হয় তাদের ভয়াবহ অভিজ্ঞতা সমাজের সঙ্গে ভাগ করে নিতে, যাতে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং অন্যরা প্রতারণার ফাঁদে না পড়েন।

আইওএম প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াতের খরচ, জরুরি খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মানব পাচার রোধ ও আটক শিবিরে থাকা নাগরিকদের উদ্ধারে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে জুন মাসেই আরো তিনটি বিশেষ ফ্লাইটে লিবিয়ার গানফুদা ও তাজুরা আটক শিবির থেকে ধাপে ধাপে মোট ৫১৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Logo