Logo
×

Follow Us

বাংলাদেশ

রেমিট্যান্সে ব্র্যাক ব্যাংক ও কৃষি ব্যাংকের সাফল্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:৪৬

রেমিট্যান্সে ব্র্যাক ব্যাংক ও কৃষি ব্যাংকের সাফল্য

বাংলাদেশে প্রবাসী আয় ধারাবাহিকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রাখছে। সদ্য বিদায়ী মে মাসে রেমিট্যান্স সংগ্রহে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। আর সরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে দেশে এসেছে তিন বিলিয়নের বেশি রেমিট্যান্স। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ২৩৮ কোটি ডলার। ইসলামী ব্যাংক সর্বোচ্চ আয় সংগ্রহ করলেও ব্র্যাক ব্যাংক দ্বিতীয় অবস্থানে থেকে প্রায় ৪১ কোটি ডলার রেমিট্যান্স এনেছে।

অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক শীর্ষে রয়েছে। মে মাসে ব্যাংকটির মাধ্যমে এসেছে প্রায় ৪৭ কোটি ডলার। সার্বিকভাবে সরকারি ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকই রেমিট্যান্স সংগ্রহে সবচেয়ে এগিয়ে।

ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর সক্রিয় তৎপরতার কারণে প্রবাসীরা এখন বৈধ চ্যানেল ব্যবহার করে বেশি অর্থ পাঠাচ্ছেন। ডলারের বিপরীতে টাকার মান কিছুটা কমে যাওয়ায় প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হয়েছেন। এছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহা সামনে রেখে প্রবাসীরা পরিবারকে সহায়তা করতে বেশি অর্থ পাঠিয়েছেন।

গত ডিসেম্বর থেকে টানা ছয় মাস ধরে দেশে তিন বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। এই ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে মোট ৩ হাজার ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। প্রবাসীদের পাঠানো এই আয় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Logo