Logo
×

Follow Us

বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৩১

চট্টগ্রাম বিমানবন্দরে জব্দ ৩৪ লাখ টাকার সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ। শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট (G9-520) থেকে তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এবং লাগেজ বেল্ট থেকে মালিকবিহীন চালান উদ্ধার করে প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়।

৩১ মে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়। তিন যাত্রীর ব্যাগেজ থেকে পাওয়া যায় ১ হাজার ২ কার্টন সিগারেট। একই সময়ে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের ওপর থেকে মালিকবিহীন ৬৯৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

আটক যাত্রীরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয়েছে। এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।

আটক যাত্রীদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে। তবে আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

কাস্টমস কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের অভিযান রাজস্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ সিগারেটসহ আমদানি নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করলে তা শুধু রাজস্ব ক্ষতি নয়, বরং অবৈধ বাজারও তৈরি করে।

Logo