প্রবাসীদের কল্যাণে সরকার শিগগিরই চালু করতে যাচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যেই এই কার্ড কার্যকর হবে। এর মাধ্যমে প্রবাসীরা সরাসরি সরকারি সেবা ও আর্থিক সহায়তা পাবেন।
২৯ মে মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছে। সেই ধারাবাহিকতায় এবার প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, বিশ্ববাজারে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বাড়ছে। এ সুযোগ কাজে লাগাতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু এবং বিদেশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রবাসী কার্ড চালু হলে প্রবাসীরা সরকারি সেবা গ্রহণে আরো সহজ সুবিধা পাবেন।
সভায় স্থানীয় সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকুর কুলাউড়ার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। জবাবে মন্ত্রী আশ্বাস দেন, কুলাউড়ার চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই এসব কাজ বাস্তবায়নের চেষ্টা করা হবে।
কুলাউড়াকে সিলেট বিভাগের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, অতীতে উন্নয়ন বঞ্চনার শিকার হলেও ভবিষ্যতে কুলাউড়া আর পিছিয়ে থাকবে না। তিনি আরো বলেন, কুলাউড়ার সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে এবং এলাকার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খাঁন, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
logo-1-1740906910.png)