বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ফিনল্যান্ড ২০ লাখ ইউরো দিয়েছে। ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও তহবিল সংকটের মধ্যে জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ অর্থ প্রদান করা হয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ঢাকায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্থায়নের মাধ্যমে তহবিল ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে। পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিও পরিচালিত হবে।
নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায় তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ পরিবার কাজের বিনিময়ে আয় করতে পেরেছে। ৪২ শতাংশ পরিবার অস্থায়ী আয়ের ওপর নির্ভর করেছে এবং ৩৫ শতাংশ পরিবারের কোনো আয়ই ছিল না।
তহবিল কমে যাওয়ায় নারী ও কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ এবং ২০২৪ সালের শুরু থেকে আসা প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, সংকটের এই সময়ে ফিনল্যান্ডের বাড়তি সহায়তা আন্তর্জাতিক দায়িত্ববোধের প্রতিফলন। তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য সুরক্ষা ও সহায়তা অব্যাহত রাখতে হবে।
নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মারি আহমেদ বলেন, ফিনল্যান্ড বাংলাদেশ ও রোহিঙ্গা জনগণের পাশে রয়েছে। মৌলিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে এ সংকটের প্রতি মনোযোগ ধরে রাখাও প্রয়োজন।
গত ২০ মে রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২৬ সালের হালনাগাদ যৌথ সাড়া পরিকল্পনা প্রকাশের পর জাতিসংঘ ও এর অংশীদার সংস্থাগুলো নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছিল। সংশোধিত পরিকল্পনায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীসহ সর্বোচ্চ ১৫ লাখ ৬০ হাজার মানুষকে সহায়তা দিতে ৭১ কোটি ৫ লাখ মার্কিন ডলার চাওয়া হয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় অর্থের ৬০ শতাংশ সংগ্রহ করা হয়েছে।
রোহিঙ্গা সংকটে অনুদান দেওয়ার পাশাপাশি ফিনল্যান্ড ২০২৬ সালে ইউএনএইচসিআরকে আরো ৭০ লাখ ইউরো দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে চলমান মানবিক সংকটে জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনায় এই অর্থ ব্যয় করা হবে।
logo-1-1740906910.png)