Logo
×

Follow Us

বাংলাদেশ

হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতে শুরু করেছে ফ্লাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:৫৯

হজের আনুষ্ঠানিকতা শেষ, ফিরতে শুরু করেছে ফ্লাইট

২০২৬ সালের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে ২৯ মে। তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হলো এবারের হজের মূল কার্যক্রম। পবিত্র হজ পালন শেষে এবার দেশে ফেরার পালা। শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট।

সৌদি আরবের স্থানীয় সময় ২৯ মে রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দিয়েছে প্রথম ফিরতি ফ্লাইট। সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছে হাজিদের দেশে ফেরার যাত্রা। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজী।

গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবারের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি পৌঁছায় ২১ মে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ সম্পন্ন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন নির্বিঘ্ন করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আগেই আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনোরূপ সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিরতি ফ্লাইট চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এর মধ্যে ধাপে ধাপে সব হাজি দেশে ফিরবেন।

Logo