রোমের এক ব্যস্ত ক্যাফেতে ভোর থেকে বিকেল পর্যন্ত কাজ করেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ ইমন। স্থানীয় ইতালিয়ানদের কফি ও পানীয় পরিবেশন করেই কেটে যায় তার ব্যস্ত দিন। দিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরলেও মনের ভেতর জেগে থাকে হাজারো স্বপ্ন। কারণ, রোম থেকে হাজার মাইল দূরে বাংলাদেশে অপেক্ষায় থাকে তার পরিবার।
গাইবান্ধার এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ইমনের ইউরোপযাত্রার গল্পও অনেকটা অন্য প্রবাসীদের মতো। পরিবারের স্বচ্ছলতার আশায় কয়েক বছর আগে পাড়ি জমান ইতালিতে। অনিশ্চয়তা, ভয় আর টিকে থাকার কঠিন সংগ্রাম পেরিয়ে তিনি আজ নিজের অবস্থান গড়ে তোলার চেষ্টা করছেন।
বিদেশে এসে ইমন বুঝেছেন, এখানে টিকে থাকার একমাত্র উপায় কঠোর পরিশ্রম। তাই কোনো কাজকেই ছোট করে দেখেন না। এক কাজ থেকে আরেক কাজ এভাবেই এগিয়ে চলেছেন তিনি।
ইমনের কাছে ঈদ এখন আর আগের মতো আনন্দের নয়। প্রবাসে ঈদের দিনটিও অনেকটা সাধারণ কর্মদিবসের মতো কাটে। সকালে কাজে যাওয়া, সারাদিন ব্যস্ততা আর রাতে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলাই এখন তার ঈদ উদযাপন।
তবে ফোনের ওপাশে পরিবারের হাসিমুখই তাকে নতুন শক্তি দেয়। ঈদের আগে দেশে কোরবানির পশু কেনা, আত্মীয়স্বজনের খোঁজখবর আর পরিবারের নানা আয়োজনের কথা শুনে বুকভরা শান্তি অনুভব করেন তিনি।
ইমন বলেন, “আমি হয়তো ঈদের আনন্দটা কাছ থেকে পাই না। কিন্তু আমার পাঠানো টাকায় যখন বাড়িতে সবাই হাসে, তখন মনে হয় এই কষ্ট সার্থক।”
শৈশবের ঈদের স্মৃতিও এখনো স্পষ্ট তার মনে। গ্রামের কাঁচা রাস্তায় বাবার সঙ্গে গরুর হাটে যাওয়া, গরুর রশি ধরে বাড়ি ফেরা আর উঠানজুড়ে আত্মীয়স্বজনের ভিড়; এসব স্মৃতিই এখন তার সবচেয়ে বড় সম্পদ।
বিদেশের চাকচিক্যের মাঝেও গ্রামের মাটির গন্ধ ভুলতে পারেন না ইমন। তার উপলব্ধি, কোরবানি শুধু পশু কোরবানি নয়; পরিবারের সুখের জন্য নিজের আনন্দ, স্বপ্ন ও যৌবন বিসর্জন দেওয়াও এক ধরনের কোরবানি।
ইমনের মতো কোটি প্রবাসী প্রতিদিন নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন। বিশেষ করে ঈদের সময় তারা বাড়তি রেমিট্যান্স পাঠান, যাতে পরিবারের কেউ আনন্দ থেকে বঞ্চিত না হয়।
প্রযুক্তির অগ্রগতিতে এখন মোবাইল ফোনের মাধ্যমেই মুহূর্তে দেশে টাকা পাঠানো যাচ্ছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর পুরো প্রক্রিয়া এখন অনেক সহজ ও নিরাপদ। প্রবাসীরা যখন খুশি, যতবার প্রয়োজন মোবাইলেই টাকা পাঠাতে পারছেন এবং দ্রুত নিশ্চিত হতে পারছেন টাকা পৌঁছানোর খবরও।
ইমনের মতে, রেমিট্যান্স পাঠানোর এই সহজ ও নিরাপদ ব্যবস্থা আরো বেশি প্রবাসীকে বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত করছে।
বাংলাদেশের অসংখ্য পরিবারের ঈদের হাসির আড়ালে তাই লুকিয়ে আছে হাজারো প্রবাসীর ত্যাগের গল্প। কোরবানির প্রতিটি উৎসবের পেছনে রয়েছে তাদের ঘাম, নিঃসঙ্গতা এবং নীরব আত্মত্যাগ।
logo-1-1740906910.png)