Logo
×

Follow Us

বাংলাদেশ

আবারো এভারেস্ট জয় করলেন বাংলাদেশি নারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ১২:৩৫

আবারো এভারেস্ট জয় করলেন বাংলাদেশি নারী

বাংলাদেশি নারী অভিযাত্রী নুরুন্নাহার নিম্নি ২৭ মে ভোরে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) তার এই সাফল্যের খবর নিশ্চিত করেছে। দীর্ঘ ১৪ বছর পর কোনো বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন।

২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। একই বছরের ২৬ মে ওয়াসফিয়া নাজরীনও শিখরে ওঠেন। এরপর দীর্ঘ বিরতির পর নুরুন্নাহার নিম্নি এই কৃতিত্ব অর্জন করলেন।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান নিম্নি। কাঠমান্ডু থেকে লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। ধাপে ধাপে উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নেন। ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেজক্যাম্প ছাড়লেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাকে ক্যাম্প-৪ থেকে ফিরে আসতে হয়। কয়েক দিন অপেক্ষার পর ২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে এলে আবার যাত্রা শুরু করেন। ২৭ মে সকাল ৫টা ২৪ মিনিটে নেপাল সময় তিনি শিখরে পৌঁছান। তার সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের একজন শেরপা।

নুরুন্নাহার নিম্নি বর্তমানে পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তার এই অভিযানের স্পন্সরও ছিল প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবনে চন্দ্রনাথ পাহাড়ে ফিল্ডওয়ার্কে গিয়ে পাহাড়ের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয় তার। পরবর্তী সময়ে বান্দরবান, ভুটান, সিকিম ও নেপালের পাহাড়ে ট্রেকিং করেছেন।

২০১৯ সালে নেপালের অস্ট্রেলিয়ান ক্যাম্পে ভ্রমণের পর এভারেস্টে ওঠার স্বপ্ন আরো দৃঢ় হয়। ২০২০ সালে এভারেস্ট বেজক্যাম্প ট্রেক করেন। ২০২২ সালে ভারতের দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন এবং একই বছর যুক্ত হন বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সঙ্গে।

পৃথিবীর সর্বোচ্চ শিখরে প্রথম সফল অভিযান পরিচালিত হয় ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের মাধ্যমে। বাংলাদেশের হয়ে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম ২০১০ সালে। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন এবং সজল খালেদ শিখরে ওঠেন। সজল খালেদ ২০১৩ সালে শিখর থেকে নামার পথে মারা যান।

দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে বাবর আলী এবং ২০২৫ সালে ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন। এবার একমাত্র বাংলাদেশি অভিযাত্রী হিসেবে নুরুন্নাহার নিম্নি লাল-সবুজ পতাকা নিয়ে জয় করলেন পৃথিবীর সর্বোচ্চ শিখর।

Logo