Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রতারণাকারী দালালচক্রের বিরুদ্ধে কঠোর হবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:৩৯

প্রতারণাকারী দালালচক্রের বিরুদ্ধে কঠোর হবে সরকার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার আশ্রয় নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে। ২৫ মে দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিক পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে সরকার দ্রুততম সময়ের মধ্যে শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও কর্মস্থলে বিভিন্ন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক পরিবারের সহায়তার পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাতে মৃত শ্রমিকদের পরিবারকেও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

এর আগে অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত ও নিহত শ্রমিক পরিবারের মধ্যে ৬৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। সর্বনিম্ন ১০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, “প্রবাসে কর্মসংস্থানের নামে প্রতারণা করা চক্রগুলোকে আর ছাড় দেওয়া হবে না। শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ঈদের আগে সাম্প্রতিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

Logo