পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ উপহার ও খাবারের আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীসেবার মান উন্নয়ন এবং ভ্রমণকে আরো আনন্দঘন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
২৪ মে রাজধানীর বলাকা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঈদের দিন আন্তর্জাতিক বহির্গমন ফ্লাইটের যাত্রীদের মাঝে বিতরণের জন্য উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ উপহার সামগ্রী বিক্রয়সিসির মহাব্যবস্থাপকের কাছে হস্তান্তর করেন।
এ সময় বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, পরিচালক গ্রাহক সেবা বদরুল হাসান লিটনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্থাটি জানিয়েছে, ঈদের দিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটের যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনরত বিমান বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে, যাতে কর্মক্ষেত্রেও উৎসবের আনন্দ ভাগাভাগি করা যায়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, “যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আনন্দঘন করতে আমরা সব সময় চেষ্টা করি। ঈদের এই বিশেষ আয়োজন আমাদের যাত্রীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনবে।” তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়ন ও সেবার পরিধি বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
ঈদুল আজহা উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ খাবার ও উপহার সামগ্রী শুধু যাত্রীদেরই নয়, দায়িত্ব পালনরত কর্মীদেরও উৎসবের আনন্দে শামিল করবে।
logo-1-1740906910.png)