Logo
×

Follow Us

বাংলাদেশ

মৃত প্রবাসীর অনুদানের নামে ঘুষ, তিন কর্মচারী বরখাস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:০৩

মৃত প্রবাসীর অনুদানের নামে ঘুষ, তিন কর্মচারী বরখাস্ত

মৃত প্রবাসীর পরিবারের অনুদান মঞ্জুরের নামে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৩ মে বোর্ডের এক অফিস আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম। অভিযোগে বলা হয়েছে, সৌদি আরবে মৃত্যুবরণকারী প্রবাসী মো. কাইয়ুমের পরিবারের অনুকূলে অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে শফি উদ্দিন ও পলাশ চন্দ্র রায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে নগদ অর্থ গ্রহণ করেন। অন্যদিকে, ব্যাংকের পিয়ন শামিম এক ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে অর্থ আদায় করেন।

বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সাজ্জাদ হোসেন ও ভুক্তভোগী পরিবার ভিডিও প্রমাণসহ অভিযোগটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকের কাছে জমা দেন। অভিযোগ পাওয়ার পর প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের সঙ্গে অভিযুক্তদের দপ্তরে গিয়ে তদন্ত করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি তিনজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

অফিস আদেশে বলা হয়, অভিযুক্তদের আচরণ কল্যাণ বোর্ডের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই বোর্ড ও ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ও তাদের পরিবারের সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানি সহ্য করা হবে না। দেশে ও দূতাবাসে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।” তিনি অন্যান্য কর্মকর্তাদেরও সতর্ক করে বলেন, প্রবাসীদের সহযোগিতায় গাফিলতি বা অনৈতিক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Logo