বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্প্রতি ব্রুনাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এই সংস্থার মাধ্যমে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যা দেশের প্রবাসী শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রুনাইয়ের বেশ কয়েকটি কোম্পানিতে মেসন, সাধারণ শ্রমিক, দোকান কর্মী, ঘাস কাটার শ্রমিক, নির্মাণ শ্রমিক, লরি চালকসহ বিভিন্ন পদে মোট ৮২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে আলমাস অ্যান্ড জিয়া এন্টারপ্রাইজে মেসন ও সাধারণ শ্রমিক, সিসেভেন মিনিমার্টে দোকান শ্রমিক, খালেসা এন্টারপ্রাইজে ঘাস কাটার শ্রমিক, হোসনি আরা এসডিএন বিডিতে নির্মাণ শ্রমিক ও সাধারণ শ্রমিক, প্রেস্টিজ আবাদি কনস্ট্রাকশনে নির্মাণ শ্রমিক এবং ইয়িহ কন্ট্রাক্টরে লরি চালক ও শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এ প্রতিষ্ঠানে নিয়োগে ফেব্রুয়ারি মাসেও একবার বিজ্ঞপ্তি জারি করেছিল বোয়েসেল। প্রয়োজনীয় কর্মী পাওয়া না যাওয়াতে আবারো বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
চাকরির শর্ত অনুযায়ী, কর্মীদের বয়সসীমা ২০ থেকে ৮০ বছরের মধ্যে হতে হবে, তবে পদভেদে বয়সের সীমা ভিন্ন। দৈনিক মজুরি ২০ থেকে ৩০ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে, আর লরি চালকদের জন্য মাসিক বেতন ৭০০ ব্রুনাই ডলার। কোম্পানিগুলো কর্মীদের জন্য আবাসন ও চিকিৎসা সুবিধা প্রদান করবে, তবে খাবারের খরচ কর্মীদের বহন করতে হবে। বিমান ভাড়া ও ভিসা প্রসেসিংয়ের দায়িত্ব নিয়োগকর্তা প্রতিষ্ঠান নেবে।
বোয়েসেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের অবশ্যই অনলাইনে তাদের বায়োডাটা নিবন্ধন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সার্ভিস চার্জ ও মেডিকেল টেস্ট ফি জমা দিতে হবে। সংস্থাটি স্পষ্ট করেছে, কোনো ধরনের অগ্রিম অর্থ গ্রহণ বা ঘুষ নেওয়া হয় না।
নির্বাচন পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে এবং প্রার্থীদের সময়মতো উপস্থিত থাকতে হবে। বোয়েসেল জানিয়েছে, প্রবাসে কর্মসংস্থানের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
logo-1-1740906910.png)