Logo
×

Follow Us

বাংলাদেশ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১২

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের পবিত্র হজ উপলক্ষে পরিচালিত প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। জাতীয় পতাকাবাহী এ সংস্থা ৯৮টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।

২১ মে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৩৫ ফ্লাইটের মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিমান শুধু নিজস্ব যাত্রীই নয়, ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অন্যান্য সেবা কার্যক্রমও দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে।

এর আগে গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে হজযাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনা করে বিমান।

হজযাত্রীদের সেবার অংশ হিসেবে এ বছর এসিআই লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করা হয়। পুরো কার্যক্রম সফল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষতা, আন্তরিকতা ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স হিসেবে তারা আবারো সক্ষমতার প্রমাণ দিয়েছে। একই সঙ্গে হজ কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Logo