Logo
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১৯

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ১৮ মে বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। প্রত্যাবাসিতরা লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটে ১৯ মে ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তার ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যাবাসনের আগে প্রত্যেকের পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয় এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, যাতে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরানো যায়। দূতাবাস নিয়মিতভাবে ত্রিপলীর তাজুরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বাংলাদেশি নাগরিকদের সাক্ষাৎকার নেয় এবং তাঁদের অবস্থা যাচাই করে।

দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী ২৪ ও ৩১ মে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার থেকে আরও ৩৫০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন ও আইওএমের সহযোগিতা অব্যাহত থাকবে।

লিবিয়ায় আটক অভিবাসীদের নিরাপদ প্রত্যাবাসন বাংলাদেশের সরকারের মানবিক অঙ্গীকারের অংশ। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ফেরার পর প্রত্যাবাসিতদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

Logo