Logo
×

Follow Us

বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১১

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফ্রি ওয়াই-ফাই সেবা। এর মাধ্যমে একই সময়ে ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রোববার (১৭ মে) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি এই সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনি ইশতেহারে ঘোষিত “সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট” প্রতিশ্রুতির আলোকে বিমানবন্দরের সাধারণ যাত্রীদের জন্য উন্নতমানের ডিজিটাল সেবা প্রদান করেছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই থার্ড টার্মিনালও উদ্বোধন করা হবে, যা দেশের বিমান পরিবহন খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক বিস্তৃত। টার্মিনাল ১, টার্মিনাল ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং গাড়ি পার্কিং এলাকা—সব জায়গায় যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সেবার জন্য স্থাপন করা হয়েছে ২৫০টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। ফলে একই সময়ে প্রায় ৩৭ হাজার ৫০০ জন যাত্রী সংযোগ নিতে পারবেন। পুরো সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ ক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে।

পরীক্ষামূলক কার্যক্রম ২৬ এপ্রিল থেকে শুরু হওয়ার পর প্রায় ২০ হাজার যাত্রী এই সেবা ব্যবহার করেছেন। এ সময়ে মোট প্রায় ২.৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, নতুন সেবার ফলে তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রম আরও সহজ ও দ্রুত হয়েছে। বিদেশি যাত্রীদের জন্যও এটি একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করছে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী এই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টাকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। সরকারের লক্ষ্য হলো বিমানবন্দরকে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সেবার মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

Logo