প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসম্পন্ন ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। ১৬ মে সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। জমির সংকট বিবেচনায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলা হবে। এসব প্রকল্পে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ প্রয়োজন। তারা যেন মাতৃভূমিকে ভুলে না যায়, সেই পরিবেশ তৈরি করতে হবে। দেশে এলে তারা বিনিয়োগ করবে এবং পারিবারিক বন্ধনও আরো দৃঢ় হবে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। ইমিগ্রেশন এলাকায় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি ইউনিট চালু করা হচ্ছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য স্থায়ী অ্যাম্বুলেন্স রাখা হবে। এছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও সরকার চালু করেছে।
সেমিনারে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের রেমিট্যান্স ও বিনিয়োগের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
logo-1-1740906910.png)