রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা এবং অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের অভিযোগে ছয় চীনা নাগরিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রটি অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে বিদেশে পাচার করছিল বলে জানিয়েছে ডিবি।
১৪ মে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, “অনলাইন জুয়া এখন এক ধরনের মহামারি। আমাদের সাইবার টিম মনিটরিং করে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে।”
গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন চীনা নাগরিক। তারা হলেন এম.এ (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯) ও জেমস ঝু (৪৩)। অন্য তিনজন বাংলাদেশি নাগরিক কাউসার হোসেন (২৪), আব্দুল কারিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।
ডিবি জানায়, চক্রটি ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন ও ডিপোজিট বোনাসের প্রলোভন দেখাত। এরপর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর থেকে তিনজন বাংলাদেশি এবং তুরাগ থানার রুপায়ন হাউজিং এস্টেট এলাকা থেকে ছয়জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি ৬৪-পোর্ট বিশিষ্ট জিএসএম/জিপিআরএস সিম মডিউল মেশিন, ১টি ৮-পোর্ট মেশিন, ১টি ২৫৬-পোর্ট সিম মডিউল, প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ ৬ লাখ ৫ হাজার টাকা, পাসপোর্ট, এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, “প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা এসব চীনা নাগরিক বাংলাদেশকে টার্গেট করে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে প্রলুব্ধ করছে। প্রথমে কিছু লাভ দেখিয়ে বিশ্বাস অর্জন করে, পরে সব টাকা হাতিয়ে নেয়। এই অর্থ নগদ বা বিকাশের মাধ্যমে দেশে ঢুকে তাৎক্ষণিকভাবে বিদেশে চলে যায়।”
তিনি আরো বলেন, “অবৈধ সিম বিক্রির সঙ্গে যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে। অনেক সময় কম শিক্ষিত মানুষের কাছ থেকে বারবার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করা হয়, যা পরে এসব চক্রের হাতে যায়।”
চীনা নাগরিকরা কেন বাংলাদেশকে টার্গেট করছে- এ বিষয়ে তিনি বলেন, “প্রযুক্তির দিক দিয়ে তারা উন্নত। আমাদের দেশে ডিজিটাল লেনদেন তুলনামূলক সহজ হওয়ায় তারা সুযোগ নিচ্ছে। আমরা আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করব যেন এই ধরনের প্রতারণা বন্ধ করা যায়।”
তিনি যুবসমাজকে অনলাইন জুয়ার নেশা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
logo-1-1740906910.png)