রাজধানীর মিরপুরে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গ্রেপ্তারকৃতরা হলেন নুসরাত জাহান ও মো. সোহান। তারা ‘বিএফসি গ্লোবাল কনসালট্যান্সি’ নামে একটি অফিস খুলে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
র্যাব জানায়, অভিযুক্তরা ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অস্ট্রেলিয়া, ইতালি, সার্বিয়া, কুয়েতসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরির সুযোগের প্রচারণা চালাতেন। চাকরির আশ্বাসে তারা ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি অস্ট্রেলিয়ায় যেতে ৯ লাখ, কুয়েতে ৬ লাখ, ইতালিতে ২০ লাখ এবং সার্বিয়ায় যেতে ৮ লাখ টাকা দাবি করতেন। চুক্তির পর ভুক্তভোগীরা বিভিন্ন বেসরকারি ব্যাংকের মাধ্যমে মোট সাড়ে তিন কোটি টাকা জমা দেন।
প্রতারকরা ভুক্তভোগীদের তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে তাদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা ও বিমান টিকিটও সরবরাহ করা হয়। তবে ফ্লাইটের আগের দিন নানা অজুহাতে টিকিট বাতিল হয়েছে বলে জানিয়ে প্রতারণা করা হয়। এতে ভুক্তভোগীরা হতাশ হয়ে পড়েন এবং বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নেয়। ভুক্তভোগীদের অভিযোগে পল্লবী থানায় মামলা হলে র্যাব ছায়াতদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে ১১ মে রাতে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে একই কৌশলে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। বিদেশে চাকরির স্বপ্ন দেখিয়ে ভুয়া ভিসা ও টিকিট দিয়ে টাকা আত্মসাৎ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিদেশে চাকরির নামে অচেনা প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে টাকা দেওয়ার আগে সতর্ক থাকতে বলেছে র্যাব। তারা জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত অব্যাহত থাকবে এবং প্রতারণার শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা কাজ করছে।
logo-1-1740906910.png)