Logo
×

Follow Us

বাংলাদেশ

রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়ে বাংলাদেশি তরুণের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১৩:২৮

রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়ে বাংলাদেশি তরুণের মৃত্যু

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের তরুণ মো. রিয়াদ রশিদ। ২৮ বছর বয়সী এই বাংলাদেশি তরুণ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা ছিলেন। 

পরিবারের সদস্যরা জানান, ২০২৪ সালের অক্টোবরে চাকরির উদ্দেশ্যে রাশিয়ায় যান রিয়াদ। পরে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। পরিবারের দাবি, সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি তিনি আগে কাউকে জানাননি। গত ২ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও এক নাইজেরিয়ান সৈন্য নিহত হন বলে জানিয়েছেন তার সহকর্মী লিমন দত্ত, যিনি নিজেও ওই হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে পরিবারের কাছে রিয়াদের মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয়। তবে এখনো তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। পাঁচ ভাইবোনের মধ্যে রিয়াদ ছিলেন চতুর্থ। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

রিয়াদের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রশিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে জানলে কখনোই তাকে যেতে দিতেন না। স্থানীয় জনপ্রতিনিধিরাও রিয়াদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। 

Logo