ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলা সহজ করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির চালু করা ‘ডিজিটাল অনবোর্ডিং’ পদ্ধতিতে এখন কয়েক মিনিটের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। ব্যাংকটি জানিয়েছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই এই পদ্ধতিতে ৫০ হাজার এসএমই অ্যাকাউন্ট খোলা হয়েছে।
বাংলাদেশের ব্যাংক খাতে প্রথমবারের মতো চালু হওয়া এ ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এতে উদ্যোক্তাদের সময় ও কাগজপত্রের ঝামেলা কমেছে। এতে সাড়া পড়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে। এটি গ্রাহকদের সন্তুষ্টি অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্প্রতি অর্টিস্টিক স্টুডিও অ্যান্ড কনস্ট্রাকশনের প্রতিষ্ঠাতা সৈয়দ আবু রাসেল ব্র্যাক ব্যাংকে একটি এসএমই অ্যাকাউন্ট খুলেছেন।তিনি বলেন, অন্য ব্যাংকে ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে কয়েক দিন সময় লাগত। কিন্তু ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে এক ঘণ্টারও কম সময়ে নতুন অ্যাকাউন্ট খুলে নম্বর পেয়েছেন। একই সঙ্গে লেনদেন শুরুর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।রাসেল জানান, ব্যাংকের আস্থা অ্যাপ ব্যবহার করে অ্যাকাউন্ট পরিচালনা করাও সহজ। এতে ব্যবসায়িক কাজে ব্যাংকিং-সংক্রান্ত চাপ অনেক কমেছে।
ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, গ্রাহকের ভোগান্তি কমাতে শুরু থেকেই অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ অভিজ্ঞতা বলে, গ্রাহক পর্যায়ে জটিলতা ও পরিশ্রম যত কমানো যায়, গ্রাহক সন্তুষ্টি তত বাড়ে। সেই চিন্তা থেকেই ব্র্যাক ব্যাংক এসএমই অ্যাকাউন্ট খোলায় উদ্ভাবনের মাধ্যমে ‘ডিজিটাল অনবোর্ডিং’ নিয়ে এসেছে।
তিনি আরো জানান, নতুন পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই গ্রাহককে অ্যাকাউন্ট নম্বর দেওয়া যাচ্ছে। চেকবই ও ডেভিট কার্ডসহ সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে সর্বোচ্চ তিন কার্যদিবস। আগে একই কাজ করতে সাত থেকে আট দিন সময় লাগত বলে জানান তিনি।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, দেশের অনেক এসএমই উদ্যোক্তা এখনো ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়েছেন। তিনি জানালেন, আগামী এক বছরের মধ্যে ডিজিটাল অনবোর্ডিংয়ের মাধ্যমে আরো এক লাখ উদ্যোক্তাকে ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
বর্তমানে ব্র্যাক ব্যাংক প্রায় আড়াই লাখ এসএমই গ্রাহককে সেবা দিচ্ছে। ২০২৫ সালের শেষে এ খাতে ব্যাংকটির ঋণ বিতরণ বেড়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে এসএমই গ্রাহকদের আমানত দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা।
logo-1-1740906910.png)