অভিবাসন ব্যবস্থাপনায় সবার সহযোগিতা চাই: প্রবাসী কল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ২০:০১
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিবাসন ব্যবস্থাপনায় আরও শক্তিশালী বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম-এ মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪-এর সহ-সভাপতির দায়িত্ব পালনকালে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের কখনোই ‘ব্যবহার শেষে ফেলে দেওয়ার মতো শ্রমশক্তি’ হিসেবে দেখা যাবে না। তাঁদের অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাপনার কেন্দ্রে মানবিক মর্যাদা ও অধিকারকে স্থান দেওয়ার ওপর তিনি জোর দেন।
তিনি সঠিক ও শ্রেণিভিত্তিক অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। বহুমুখী তথ্যসেবা কেন্দ্র, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কমিউনিটি-ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম অভিবাসীদের সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন।
গৃহস্থালি কাজ, কৃষি ও অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের শোষণ, নির্যাতন ও অনিরাপদ কর্মপরিবেশ থেকে সুরক্ষায় অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ জরুরি। অভিবাসীবিরোধী মনোভাব বৃদ্ধির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বিদেশি-বিদ্বেষ ও বিভ্রান্তিকর তথ্যের কারণে নেতিবাচক প্রচারণা বাড়ছে। এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, অভিবাসন ব্যবস্থাপনাকে মর্যাদা, সুরক্ষা ও অভিবাসী জনগোষ্ঠীর অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করতে ‘সমগ্র সরকার ও সমগ্র সমাজভিত্তিক’ দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করতে হবে। এজন্য দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও গভীর করার প্রয়োজন রয়েছে।
logo-1-1740906910.png)