Logo
×

Follow Us

বাংলাদেশ

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালুর উদ্যোগ সরকারের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৯:৫৭

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালুর উদ্যোগ সরকারের

উত্তরাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, ফ্লাইং স্কুল এবং কার্গো ফ্যাসিলিটি স্থাপনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ৭ মে সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বগুড়ার বিমানঘাঁটি ও সংশ্লিষ্ট এলাকা সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা আজ এখানে এসেছি। উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই। সেটির জন্য বগুড়াকে গুরুত্ব দিয়ে আমরা পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি ফ্লাইং একাডেমি চালু করা হবে, যাতে দেশেই দক্ষ পাইলট তৈরি করা যায়।”

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “এখানে আন্তর্জাতিক বিমানসহ কার্গো বিমান ওঠানামা করবে। এতে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও কৃষিপণ্য সরাসরি বিদেশে রপ্তানি সম্ভব হবে। কৃষকরা এখান থেকে সবজি পাঠাতে পারবেন।”

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, “বগুড়ার গুরুত্ব অনেক বেশি। এজন্য এখানে শক্তিশালী বিমানঘাঁটি করা প্রয়োজন। অত্যাধুনিক জঙ্গি বিমানও এখানে আসবে। পাশাপাশি বাণিজ্যিক ফ্লাইট চালুর জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বিমান বাহিনী পূর্ণ সহায়তা করবে।”

ব্রিফিংয়ে জানানো হয়, আন্তর্জাতিক বিমানবন্দর করতে হলে বিদ্যমান রানওয়কে সাড়ে ১০ হাজার ফুট দৈর্ঘ্যে উন্নীত করতে হবে। এ বিষয়ে কারিগরি পরিদর্শন সম্পন্ন হয়েছে এবং বিস্তারিত সমীক্ষা করা হবে। প্রাথমিকভাবে এটি উত্তরাঞ্চলের প্রথম বিমানঘাঁটি হিসেবে রূপান্তরিত হয়েছে। এখানে বিমান বাহিনীর অফিসাররা প্রশিক্ষণ পাবেন এবং বেসামরিক ছেলে-মেয়েদেরও পাইলট হিসেবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। এর ফলে এ অঞ্চলের তরুণ-তরুণীরা দেশি-বিদেশি বিমানে চাকরির সুযোগ পাবে।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo