রাশিয়ায় মানব পাচার: যুক্তরাজ্যে বাংলাদেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৯:৫৬
মানব পাচারের অভিযোগে বাংলাদেশি একটি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ৫ মে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস) এ ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার তথ্য যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাজ্যের ২০২৫ সালের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত বিধিমালার আওতায়। নথিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশি কোম্পানি ড্রিম হোম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ কার্যক্রমে যুক্ত ছিল। পরে তাঁদের শোষণ করা হয়।
কোম্পানিটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়েছিল। কিন্তু বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর তাঁদের জোর করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য সরকার।
নথিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় কোম্পানির সম্পদ জব্দ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটি মানব পাচারসংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত ছিল বা আছে—এমন সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে।
যুক্তরাজ্যের ঘোষণায় বাংলাদেশসহ একাধিক দেশের মোট ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ড্রিম হোম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। কোম্পানিটির ঠিকানা হিসেবে ঢাকার বনানীর একটি বাড়ির তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে মানব পাচারবিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে।
logo-1-1740906910.png)