প্রবাসী স্বামীর পাঠানো রেমিট্যান্সে ভাগ্য খুলল ফরিদপুরের গৃহিণীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:৫৬
বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজিত প্রবাসী আয় উৎসবে লটারির মেগা পুরস্কার হিসেবে মোটরসাইকেল জিতেছেন ফরিদপুরের রাবেয়া। মালয়েশিয়াপ্রবাসী মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা মো. মোমিনুল শিকদার তাঁর স্ত্রী রাবেয়ার হিসাবে বাজিতপুর শাখায় ২ লাখ ৫ হাজার টাকা পাঠান। এই রেমিট্যান্সের মাধ্যমেই লটারিতে নির্বাচিত হয়ে রাবেয়া পুরস্কার পান।
৬ মে সকালে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে রাবেয়ার হাতে মোটরসাইকেল তুলে দেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মাদ নজরে মঈন এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।
কৃষি ব্যাংক জানায়, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ৪০ দিনব্যাপী রেমিট্যান্স উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে আয় পাঠালে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। সারা দেশে ১ হাজার ৩৮টি শাখার মধ্যে বাজিতপুর শাখার রাবেয়া প্রথম নির্বাচিত হন। মোট ৩৯ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা বলেন, প্রান্তিক মানুষের জন্য কাজ করে কৃষি ব্যাংক। প্রবাসীদের পাঠানো আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখছে। তাঁদের অক্লান্ত পরিশ্রমের কারণেই দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে।
পুরস্কার বিজয়ী রাবেয়া বলেন, “আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার স্বামীর প্রবাসী আয়ের কারণে এমন একটি উপহার পাব। প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে ব্যাংকের কর্মকর্তারা বাড়িতে এসে নিশ্চিত করেন।”
logo-1-1740906910.png)