আন্তর্জাতিক বাণিজ্যে ১ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক লেনদেনের রেকর্ড গড়েছে ব্র্যাক ব্যাংক। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অর্জন এসেছে মাত্র এক মাসেই। এ সাফল্যকে ব্যাংকটির শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে ব্যাংকটি।
সম্প্রতি এ সাফল্য উদ্যাপন উপলক্ষে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
অনুষ্ঠানে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করেছি, যা ক্রমবর্ধমান গ্রাহক আস্থা এবং বৃহৎ পরিসরে সেবা প্রদানের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের সক্ষমতার সুস্পষ্ট প্রতিফলন। শক্তিশালী বৈদেশিক মুদ্রা অবস্থান, শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে গ্রাহকদের জন্য আরও দ্রুত ও সুবিধাজনক করেছে। আমাদের লক্ষ্য হলো গতি, নির্ভরযোগ্যতা এবং মানসম্মত সেবা নিশ্চিত করে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ট্রেড ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব অপারেশনস মো. মুনিরুজ্জামান মোল্যা; এবং হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম।
এই মাইলফলক অর্জনের পেছনে রয়েছে ব্যাংকটির ব্যতিক্রমী ও উদ্ভাবনী কর্পোরেট ব্যাংকিং কৌশল। এখানে ওয়ান-স্টপ ট্রেড সার্ভিস মডেলের পাশাপাশি সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শক্তিশালী বৈদেশিক মুদ্রা তারল্য সহায়তা, ব্যবসা ও অপারেশনসের সমন্বয় এবং ধারাবাহিক ডিজিটাল উদ্ভাবন—এসবের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের কাছে ট্রেড সল্যুশনের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
উল্লেখ্য, ক্রমবর্ধমান ট্রেড ক্লায়েন্টদের সহায়তা দিতে ব্র্যাক ব্যাংক তাদের প্রধান কার্যালয়ে একটি ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট পরিচালনা করছে, যা সিঙ্গেল কন্ট্যাক্ট পয়েন্টের মাধ্যমে সেবা নিশ্চিত করছে।
উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ টিমের মাধ্যমে ইউনিটটি সব ধরনের ট্রেড ট্রানজ্যাকশনের দ্রুত প্রক্রিয়াকরণ নিশ্চিত করছে। পাশাপাশি, ব্যাংকটির বিশেষায়িত ট্রেড ডেভেলপমেন্ট টিম আন্তর্জাতিক বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকদের বিভিন্ন সহায়তা প্রদান করে, যাতে তাদের ট্রেড ব্যবসা ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।
logo-1-1740906910.png)