Logo
×

Follow Us

বাংলাদেশ

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৩৩

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল

জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারাভোগ করে দেশে ফেরা ২০৮ জন প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

৪ এপ্রিল বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এএফএম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী। তিনি সাংবাদিকদের জানান, ২০৮ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিকও রয়েছেন। এই ৫৭ জনসহ মোট ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

রিট আবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশি শ্রমিক গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে কারাভোগ করেছেন। দেশে ফিরে তাঁদেরকে জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও ক্ষতিপূরণ বা পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আদালত এ বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছে। কেন তাঁদের প্রত্যেককে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

আইনজীবী সানজিদ সিদ্দিকী বলেন, “জুলাইযোদ্ধারা দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের কারাভোগ ও ভোগান্তি রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। তাই ক্ষতিপূরণ দেওয়া ন্যায্য।”

হাইকোর্টের এ রুলকে প্রবাসী জুলাইযোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টরা জবাব দিলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে।

Logo