Logo
×

Follow Us

বাংলাদেশ

ভারতের পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু হচ্ছে: টাইমস অব ইন্ডিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১২:১৮

ভারতের পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু হচ্ছে: টাইমস অব ইন্ডিয়া

ভারত ও বাংলাদেশ কয়েক মাসের টানাপোড়েনের পর সম্পর্ক স্বাভাবিকীকরণের পথে এগোচ্ছে। এর অংশ হিসেবে দুই দেশ পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যেই ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা সেবা চালু করেছে। অন্যদিকে ভারতও শিগগির ধাপে ধাপে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করবে বলে জানা গেছে। ভারতীয় শীর্ষস্থানীয় গমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ সংবাদ প্রকাশ করেছে।

সম্প্রতি ভারতে সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, বাংলাদেশের ভিসা সেন্টারগুলো ইতোমধ্যেই চালু রয়েছে। নিউ দিল্লি, কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশি ভিসা সেন্টার কার্যকরভাবে কাজ করছে। বাংলাদেশ ভারতকেও একইভাবে পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর আহ্বান জানিয়েছে।

অফিসিয়াল সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত সময়ের স্থগিতাদেশের পর আবার ভিসা সেবা চালু করেছে। ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করবে।

ভিসা সেবা স্বাভাবিক হলে দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও যোগাযোগ খাতে নতুন সুযোগ তৈরি হবে। কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক সময়ে কিছু টানাপোড়েন দেখা দিয়েছিল। তবে নতুন উদ্যোগ দুই দেশের মধ্যে আস্থা পুনর্গঠনে সহায়ক হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভিসা সেবা পুনরায় চালু হওয়া শুধু নাগরিকদের জন্য নয়, বরং আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।

দিল্লি ও ঢাকার এই পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে। ভিসা সেবা স্বাভাবিক হলে মানুষ থেকে মানুষে যোগাযোগ বাড়বে, ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরো সুদৃঢ় হবে।

Logo