মহান মে দিবসে প্রবাসী কর্মীদের প্রতি সরকারের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:৫৫
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ দিনটি শুধু দেশের শ্রমিকদের জন্য নয়, বরং বিদেশে কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের জন্যও সমান গুরুত্বপূর্ণ। দেশের গণ্ডি পেরিয়ে যারা কঠোর পরিশ্রম করে পরিবার ও দেশের স্বপ্নকে এগিয়ে নিচ্ছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে বাংলাদেশ সরকার।
প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাদের ত্যাগে হাজারো পরিবারে হাসি ফুটছে। দূরে থেকেও দেশের জন্য যে অবদান তারা রাখছেন, তা সত্যিই অনন্য। সরকার জানিয়েছে, প্রবাসীদের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা মানেই দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ইতোমধ্যেই প্রবাসীদের জন্য নানা সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সুবিধা, আইনগত সহায়তা, শিক্ষা সহায়তা, প্রবাসী কল সেন্টার, কর্মীর পরিবারের আর্থিক সহায়তা, বীমা, আর্থিক ভাতা, দেশে ফেরত আনার ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স সেবা।
প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টার সহায়তা কেন্দ্র চালু রয়েছে। দেশে থেকে টোল ফ্রি নম্বর ১৬৩৪৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬০২০০২০০০ নম্বরে যোগাযোগ করা যায়। এসব উদ্যোগের মাধ্যমে সরকার প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
মে দিবস উপলক্ষে সরকার বলেছে, শ্রমের মর্যাদা রক্ষায় প্রবাসীদের অবদান অপরিসীম। তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে সচেতন হতে হবে। কারণ প্রবাসীদের সুরক্ষা মানেই দেশের উন্নয়ন।
logo-1-1740906910.png)