আমেরিকায় সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব, দূতাবাসের কঠোর সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৯
যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে ভিসা নেওয়া এখন থেকে ভিসার শর্তভঙ্গ হিসেবে গণ্য হবে। এই উদ্দেশ্যে কেউ ভিসার আবেদন করলে তা সরাসরি বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন দূতাবাস। ২৯ এপ্রিল দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির ভ্রমণের মূল উদ্দেশ্য হয় সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা, তবে তা বর্তমান ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার বা তদন্তের মাধ্যমে এমন উদ্দেশ্য শনাক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তির পর্যটন ভিসা (বি-১/বি-২) আবেদন তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করবেন।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগকে কেন্দ্র করে অনেকেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, যা ভিসা নীতির অপব্যবহার। এই প্রবণতা ঠেকাতেই কঠোর অবস্থান নিয়েছে দেশটি।
সতর্কবার্তায় আরো বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই প্রকৃত ও সঠিক উদ্দেশ্য উল্লেখ করে ভিসার আবেদন করতে হবে। ভুল তথ্য প্রদান বা ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, ভিসার অপব্যবহার করলে তা আবেদনকারীর ভবিষ্যৎ ভ্রমণ ও অভিবাসন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলবে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার “বার্থ ট্যুরিজম” বা সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জনের প্রবণতা নিয়ন্ত্রণে আনতে চায়। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ভ্রমণ বাড়তে থাকায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।
logo-1-1740906910.png)