শিগগিরই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা প্রক্রিয়া: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩
বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই সহজ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ২৮ এপ্রিল সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যেই ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা চলছে। তিনি জানান, বর্তমান স্থবিরতা কাটিয়ে দ্রুত ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার।
মন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক বন্ধন ও মূল্যবোধের মিল রয়েছে। তিনি আরও বলেন, সার্বভৌম সমতা, ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হচ্ছে, যেখানে জাতীয় স্বার্থ সর্বাগ্রে রাখা হচ্ছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভিসা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। মন্ত্রী জানান, এসব বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। বাংলাদেশ সরকার সেখানে জোরালোভাবে নাগরিকদের জন্য স্বাভাবিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া পুনঃস্থাপনের দাবি জানিয়েছে।
তিনি সংসদে বলেন, “ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন খুব শিগগিরই আসবে।”
বাংলাদেশ সরকার মনে করছে, ভিসা প্রক্রিয়া সহজ হলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় জোরদার হবে। একই সঙ্গে চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে ভ্রমণকারীদের সুবিধা বৃদ্ধি পাবে।
logo-1-1740906910.png)