ইউরোপে দক্ষ জনশক্তি পাঠাতে রোডম্যাপের তাগিদ তথ্যমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪
ইউরোপীয় শ্রমবাজারে নতুন প্রজন্মের দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করতে একটি বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য রোডম্যাপ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই এই প্রবাহ বাড়াতে সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
২৫ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের শিরোনাম ছিল “ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি : মাস্টারপ্ল্যান (২০২৬-২০৩১) উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ”। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি এবং বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি।
তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের “সবার আগে বাংলাদেশ” স্লোগান বাস্তবায়নে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি প্রবাসে কর্মসংস্থান ও মানবসম্পদ রপ্তানি বাজার সম্প্রসারণের ওপরও জোর দেন।
সেমিনারে ইউরোপের বাজারে আগামী পাঁচ বছরে ১০ লাখ জনশক্তি রপ্তানির একটি মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করা এবং জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখার দাবি জানানো হয়।
বিএনপির সর্ব ইউরোপিয়ান শাখার আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মাদ তাইফুর রহমান ছোটন। বিশেষ অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ও উপপরিচালক মোহাম্মদ আলী মর্তুজা।
logo-1-1740906910.png)