Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরের সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৪

বিমানবন্দরের সিন্ডিকেট ভাঙার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমানবন্দরের সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং প্রবাসীদের জন্য বিমানবন্দরকে নিরাপদ করা হবে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাথে এক সাক্ষাৎকারে তিনি জানান, ছয় মাসের মধ্যে বিমান খাতের দৃশ্যপট পাল্টে যাবে।  

প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের দুর্নীতি নিয়ে আগে অনেক অভিযোগ ছিল। দায়িত্ব গ্রহণের পর থেকে অভিযোগ কমে এসেছে। তবে সিন্ডিকেটের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে এবং এগুলো ভাঙতে সরকার কাজ করছে। কর্মচারীদের স্বস্তি দিতে নতুন বেতন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।  

তিনি জানান, প্রবাসীদের ভোগান্তি কমাতে ইমিগ্রেশনে লম্বা লাইন, ব্যাগ কাটা ও মালামাল চুরি বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। দুটি গেটে তিনটি স্ক্যানার মেশিন বসানো হয়েছে। প্রবাসীরা যেন আর জটিলতায় না পড়েন, সে ব্যবস্থা করছে সরকার।  

প্রতিমন্ত্রী আরো বলেন, বিমান খাতকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে। পাশাপাশি নীলফামারীতে এভিয়েশন হাব তৈরির পরিকল্পনা রয়েছে। সৈয়দপুরে কার্গো হ্যান্ডলিং কেন্দ্র গড়ে তোলা হলে বিদেশি বিমানগুলো সেখানে রিফুয়েলিং করতে পারবে, যা বৈদেশিক আয় বাড়াবে।  

তিনি জানান, সিভিল এভিয়েশনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিমানের স্লটগুলো এমনভাবে করা হয়, যাতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দর সচল থাকে এবং বিমানগুলো বাধাহীনভাবে ল্যান্ড করতে পারে।  

ঢাকা-টোকিও রুটে জুন মাস থেকে পুনরায় ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার লাভজনক এই রুট বন্ধ করে দিয়েছিল। এবার পুনরায় চালু হলে ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে।  

হজ ফ্লাইট নিয়মিত চলছে এবং ৩০ মে থেকে রিটার্ন শুরু হবে। প্রতিমন্ত্রী জানান, বিমান বহরে নতুন বিমান যুক্ত হবে। সরকার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা করেছে এবং কিছু বিমান লিজ নেওয়ার চেষ্টা চলছে। দুই-তিন মাসের মধ্যে বহর বাড়িয়ে লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Logo