Logo
×

Follow Us

বাংলাদেশ

ইতালিতে নিরাপদ অভিবাসন বিষয়ে সহযোগিতা কামনা স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:২৭

ইতালিতে নিরাপদ অভিবাসন বিষয়ে সহযোগিতা কামনা স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালি বাংলাদেশের গুরুত্বপুর্ণ উন্নয়ন অংশীদার। নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে দুই দেশের মধ্যে। ইতালির রাষ্ট্রদূতের সাথে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, দ্বিপক্ষীয় শ্রমবাজার এবং দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।

২১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

মন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো জোরদার করতে চায়।

রাষ্ট্রদূত বলেন, ইতালি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো বিস্তৃত করতে আগ্রহী। তিনি জানান, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। অভিবাসন ইস্যুটি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং আগামী জুন মাস থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের অভিনন্দন পত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী জানান, তিনি এ বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অব কনস্যুলার চ্যান্সেরি লরা শেলা।

Logo