মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রসারে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরান অব্যাহতভাবে কাজ করবে বলে জানিয়েছে ঢাকার ইরান দূতাবাস।
২১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে ইরান ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘস্থায়ী, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ। ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তালিয়া কূটনীতি ফোরামের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদেহ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে দূতাবাস স্বাগত জানিয়েছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা ও পারস্পরিক উদ্যোগগুলোকে ইরান আন্তরিকভাবে অনুসরণ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সম্প্রসারণে গুরুত্ব দেবে।
ইরান দূতাবাস বলেছে, সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থান প্রশংসনীয়। এটি শুধু অঞ্চলের জন্য নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও অপরিহার্য।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর বাংলাদেশ সরকারের পাঠানো শোকবার্তার জন্য ইরান কৃতজ্ঞতা প্রকাশ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে গৃহীত শোক প্রস্তাবকে দূতাবাস “ব্যতিক্রমী ও উল্লেখযোগ্য উদ্যোগ” হিসেবে প্রশংসা করেছে।
ইরান দূতাবাস জানায়, শোক বইতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উপস্থিতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর সিদ্ধান্তের জন্যও তারা কৃতজ্ঞ।
দূতাবাস আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের আগ্রাসনে নিহত বাংলাদেশি নাগরিকদের জন্য গভীর শোক প্রকাশ করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজগুলোর নিরাপদ চলাচল সহজতর করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি আজারবাইজানের মাধ্যমে ইরান থেকে বাংলাদেশের ১৮৬ জন নাগরিকের নিরাপদ প্রত্যাবর্তনও ইরান দূতাবাস সহায়তা করেছে।
শেষে দূতাবাস মধ্যপ্রাচ্যের ঘটনাবলি নিয়ে গণমাধ্যমে প্রচারিত নির্বাচিত সাক্ষাৎকার অংশের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে। তারা মনে করে, ভুল বা আংশিক তথ্য উপস্থাপন দুঃখজনক এবং দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থি।
logo-1-1740906910.png)