ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, চলতি মৌসুমে হজযাত্রীদের কোনো ভিসা জটিলতা নেই। ১৯ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প ও এয়ারলাইনসগুলোর বোর্ডিং ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “খাবার নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। তাই তথ্য যাচাই করে প্রচার করা উচিত। শতভাগ মানুষ সন্তুষ্ট হয় না, কেউ কেউ ব্যক্তিগত বা দলীয় অবস্থান থেকে নেতিবাচক অভিযোগ করতে পারেন। তবে ভুল হলে ধরিয়ে দেবেন, কিন্তু মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ রইল।”
এর আগে তিনি আশকোনা হজ ক্যাম্পে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং এয়ারলাইনসগুলোর বোর্ডিং ও ইমিগ্রেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ এপ্রিল রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্বোধনী ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। তাদের পরিবহনে অংশ নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইন্যাস। আগামী ২১ মে পর্যন্ত এসব ফ্লাইট ঢাকা থেকে পরিচালিত হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।
ধর্মমন্ত্রী আশ্বস্ত করেছেন, এবার হজযাত্রীরা কোনো ভিসা জটিলতায় পড়বেন না। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন।
logo-1-1740906910.png)