Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদি পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২১

সৌদি পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউন।

উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন। উদ্বোধনী ফ্লাইটেই ৪১৯ জন যাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

শনিবার আরো ১৪টি ফ্লাইটে মোট ৫৭৫৪ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় তিন হাজার হজযাত্রীকে নিয়ে ৮টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এ বছর নিবন্ধিত সব হজযাত্রীর ভিসা সম্পূর্ণ হয়েছে।

আশকোনা হজ ক্যাম্প থেকে যাত্রীরা চেকিং, বোর্ডিং পাশ এবং ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের যাত্রার শুরুতে তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

হজ অফিসের পরিচালক জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে হজের সামগ্রিক কার্যক্রম। হজযাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, হজযাত্রীদের জন্য এ বছর সরকার টিকিটের মূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে। এতে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এবারের ব্যবস্থাপনা আগের বছরের তুলনায় আরো উন্নত এবং স্বাচ্ছন্দ্যময়।

Logo