Logo
×

Follow Us

বাংলাদেশ

বিকল্প শ্রমবাজারে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৩

বিকল্প শ্রমবাজারে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ১৫ এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, ইউরোপের সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগালসহ ব্রাজিল ও রাশিয়ার মতো নতুন দেশগুলোতে শ্রমবাজার সম্প্রসারণে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে উচ্চ পর্যায়ের সফরের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসগুলোকে শ্রমবাজার অনুসন্ধান এবং কর্মীদের পেশাভিত্তিক চাহিদা নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় লবিস্ট ফার্ম নিয়োগের কাজও চলছে।

তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে। থাইল্যান্ডে শ্রমবাজার খোলার বিষয়ে কর্মী নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাপানে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকায় সেখানে কর্মী পাঠানোর হার বাড়াতে জাপানিজ ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে ৫৩টি টিটিসিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাশিয়ান, আরবি, জার্মান ও ইতালিয়ান ভাষার প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাবস্থার কারণে মধ্যপ্রাচ্যে চিকিৎসক, ব্যাংকার ও প্রকৌশলীরা দেশ ছাড়ছেন। এ অবস্থায় বাংলাদেশি পেশাজীবীদের নিয়োগের সম্ভাবনা যাচাই করতে দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পুনরায় বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ববর্তী শিক্ষা ও কাজের স্বীকৃতি দিয়ে সনদ প্রদানও করা হচ্ছে।

Logo