বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০
বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ ১৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং পরে তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ সৎকারের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরো ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, বিদেশগামী কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। এতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাবেন।
বাণিজ্যমন্ত্রী প্রবাসে কর্মরত সকল বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার শান্তি কামনা করেন।
logo-1-1740906910.png)