বিদেশে কৃষিশ্রমিকের অনেক চাহিদা: প্রবাসীকল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫
বিদেশে কৃষিশ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগে যদি মৌলভীবাজারের মানুষ বিদেশে যেতে না পারে, তবে তার আক্ষেপ থাকবে। ১৪ এপ্রিল দুপুরে বাংলা নববর্ষের প্রথম দিনে জুড়ী উপজেলার ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু এমনি এমনি বিদেশে পাঠানো যাবে না। এ জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে। তিনি জানান, জুড়ীতে একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সেখানে ভাষা শিক্ষা কোর্স চালু করা হবে। মধ্যপ্রাচ্যে যেতে হলে আরবি, জাপানে যেতে হলে জাপানিজ এবং ইউরোপে গেলে ইংরেজি ভাষার ন্যূনতম দক্ষতা থাকতে হবে। ভাষায় খুব পারদর্শী না হলেও মৌলিক জ্ঞান থাকা জরুরি। এ যোগ্যতা অর্জন করলে কৃষিশ্রমিকদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি হবে।
স্থানীয়ভাবে উৎপাদিত ফলের প্রদর্শনী দেখে মন্ত্রী বলেন, জুড়ীতে উৎপাদিত মিষ্টি লাউ, তরমুজ, লেবু ও কলা বিদেশে রপ্তানি করা সম্ভব। এতে কৃষকরা পণ্যের যথাযথ মূল্য পাবেন এবং বিশ্বদরবারে জুড়ীর পরিচিতি বাড়বে। তিনি কৃষকদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে বিদেশে মানুষ পাঠানো আদম ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। পাশাপাশি মানুষকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশে না যাওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
logo-1-1740906910.png)